বিশ্ব ডিম দিবস আজ

অস্থিতিশীল বাজারে বিনিয়োগের ভয়

অস্থিতিশীল বাজার ব্যবস্থাপনা, বিনিয়োগের চরম ঝুঁকি ও সরকারের নীতিসহায়তার অভাবে পোলট্র্রি শিল্পে বিনিয়োগে ভয় উদ্যোক্তাদের। এখাতের টেকসই উন্নয়নে মাঠপর্যায়ে বীমার প্রচলন, সহজে ব্যাংকঋণ ও মুরগির ওষুধে ভর্তুকি দেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে দেশের মানুষের পুষ্টিচাহিদা মেটাতে প্রয়োজনীয় মাংস ও ডিম সরবরাহ নিশ্চিত সম্ভব হবে। 

এ পরিস্থিতির মধ্যেই ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ সেøাগানে বিশ্ব ডিম দিবস পালন হচ্ছে আজ।  এবারের ডিম দিবস সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান বলেন, সুস্থ সবল জাতি গঠনে সব বয়সী মানুষের মধ্যে ডিম খাওয়ার অধিকতর প্রবণতা তৈরিই এবারের বিশ্ব ডিম দিবসের মূল লক্ষ্য। এই মুহূর্তে দেশে সবচেয়ে উপাদেয় ও স্বাস্থ্যসম্মত খাবার হচ্ছে ডিম। তাই মানুষের আরও বেশি বেশি ডিম খাওয়া উচিত।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, বছরে জনপ্রতি অন্তত ১০৪টি ডিম খাওয়া দরকার। অথচ বাংলাদেশের মানুষ খাচ্ছে গড়ে মাত্র ৭০-৮০টি। এশিয়ার দেশ জাপানের মানুষ খায় বছরে গড়ে প্রায় ৬০০ ডিম। যুক্তরাষ্ট্রের মানুষ বছরে জনপ্রতি গড়ে ২৭০টি ডিম খায়।