টর্চার সেলের সঙ্গে ছাত্রলীগ পরিচিত না : লেখক ভট্টাচার্য

বুয়েটের হলে ছাত্রলীগের ‘টর্চার সেল’ থাকার অভিযোগ উঠলেও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

লেখক ভট্টাচার্য দাবি করেছেন, এমন কোনো কক্ষের বিষয়ে তারা কেউই কিছু জানেন না। তিনি বলেছেন, ‘টর্চার সেলের সঙ্গে ছাত্রলীগ পরিচিত না। ছাত্রলীগের কেউই এ সম্পর্কে জানে না। একটি মহল চক্রান্ত করে ছাত্রলীগের নামে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করছে।’

বুয়েটে হত্যার শিকার ছাত্র আবরার ফাহাদ স্মরণে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের শোক র‌্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র‌্যালিটি বের করা হয়। টিএসসি, শহীদ মিনার, ফুলার রোড হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয় র‌্যালি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। ছাত্রলীগের সুনাম নষ্টকারীরা কোনোভাবেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না।’ তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে শেখ হাসিনার উন্নয়ন নষ্ট হয়।’

আবরার হত্যাকা- নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেখক ভট্টাচার্য আরও বলেন, ‘ছাত্রলীগ এ ঘটনার তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। ওই ঘটনা ছাত্রলীগের সিদ্ধান্তে হয়নি। বেশ কয়েকজন ব্যক্তির সিদ্ধান্তে এ ঘটনা ঘটেছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’