নাগরিকদের ভূমিবিষয়ক তাৎক্ষণিক সেবা দিতে ‘হটলাইন-১৬১২২’ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ভূমি সেবা সহজীকরণ, সেবা গ্রহীতাদের সব জটিলতা আইনগতভাবে নিরসন এবং ভূমি সংক্রান্ত সব ধরনের দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে ভূমি সেবা হটলাইন ১৬১২২ প্রতিষ্ঠা করা হয়েছে। হটলাইনে কল করে সহজেই সেবা প্রার্থীরা ভূমিবিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। এ ছাড়া হটলাইনের মাধ্যমে ভূমি সেবা গ্রহীতারা প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসহ দেশে বিদ্যমান ভূমি সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে জানতে পারবেন।
হটলাইনের কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এর কার্যক্রম প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। হটলাইন সেবা পেতে কলচার্জ প্রযোজ্য হবে। হটলাইনের মাধ্যমে জরুরি অভ্যন্তরীণ যোগাযোগ, দ্রুততম সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি ও সেবাগ্রহীতার নিকট হতে অভিযোগ গ্রহণ করা হবে। হটলাইন ব্যবহারকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না। কলসেন্টারটি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন থাকবে। ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের তত্ত্বাবধানে ভূমি সম্পর্কিত অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা সমাধান করবেন। হটলাইনে পাওয়া সমস্যার বিষয়গুলো সরাসরি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জানানো হবে। ভূমিমন্ত্রী ও ভূমি সচিব হটলাইনে প্রাপ্ত অভিযোগের বিষয়গুলো পর্যবেক্ষণ করতে পারবেন।