শেখ কামাল ক্লাব কাপে একই গ্রুপে আবাহনী-বসুন্ধরা

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে দেশের সেরা দুই দল আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়  টুর্নামেন্টের ড্র। বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৯ অক্টোবর শুরু হবে এই আসর।

আলোচিত শেখ কামাল টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিচ্ছে ৫ দেশের ৮ ক্লাব। বিদেশি ক্লাবগুলো হলো- ভারতের মোহনবাগান এফসি ও চেন্নাইন সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি। এছাড়া বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড ছাড়াও খেলবে আয়োজক চট্টগ্রাম আবাহনী।

দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। 'এ' গ্রুপে আয়োজক ক্লাব চট্টগ্রাম আবাহনীর সঙ্গী টিসি স্পোর্টস, মোহনবাগান ও ইয়াং এলিফ্যান্টস। আর গ্রুপ 'বি' তে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ছাড়া বাকি দুই দল- টেরেঙ্গানু এফসি ও চেন্নাইন সিটি এফসি।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে। ২৭ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ২৯ অক্টোবর ফাইনাল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,  টুর্নামেন্টের রানার্স আপকে প্রাইজমানি হিসেবে ২৫ হাজার ডলার ও চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ৫০ হাজার ডলার।

২০১৫ সালে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম আবাহনী। ২০১৭ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় টিসি স্পোর্টস।