বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা অতীতেও পানি ঘোলা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাদের এ চেষ্টা কখনই সফল হবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা যদি পানি ঘোলা করতে চায় এবং ঘোলা পানিতে রাজনীতি করতে চায় তাহলে কঠোরভাবে তাদের প্রতিহত করা হবে।’ তিনি আরও বলেন, কারও ব্যাপারে কোনো দাবি তোলার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবরার হত্যায় জড়িত সন্দেহভাজন বেশিরভাগ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘২০০২ সালে বিএনপির শাসনকালে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ ছাত্রের মধ্যে টেন্ডার নিয়ে ক্যাম্পাসে বন্দুকযুদ্ধে বুয়েটের ছাত্রী সাদেকুন নাহার সনি নিহত হয়। তখন কি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল, নেয়নি। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অনেক ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর ছাত্রদল কিংবা বিএনপি কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে তিনি বলেন, ‘তার সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ব্যাপারে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। সরকার সবসময় সমালোচনাকে স্বাগত জানায়। আমাদের সমালোচনা করুন, তবে অজ্ঞের মতো নয়।’
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এমএ করিম এবং আক্তার হোসেন, আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান, সিনিয়র সহসভাপতি শেখ নওশেদ আলী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।