বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল খালেক (৬৫) নামে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। আবদুল খালেক ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত নেজাবুল হকের ছেলে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত আবদুল খালেককে শুক্রবার দুপুরে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।
তিনি বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির পরই চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।