ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্মকে বাংলাদেশের উদীয়মান শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বাংলাদেশের শিল্প খাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে বর্তমান সরকার ১০০ অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় বিনিয়োগের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
যুক্তরাজ্য সফররত শিল্পমন্ত্রী গত শুক্রবার বার্মিংহামের নিউ বিংলে হল কনভেনশন সেন্টারে ব্রিটিশ বাংলাদেশিদের সংগঠন দেশ ফাউন্ডেশন ইউকে আয়োজিত ‘তৃতীয় ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
বাংলাদেশের বর্তমান সরকারকে বিনিয়োগবান্ধব উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, সরকারের নীতি সহায়তার ফলে শিল্প খাত বিকশিত হচ্ছে। বেসরকারি খাত বিকাশের পাশাপাশি সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানার উন্নয়নেও কাজ করছে।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারি খাতে চিনিকল, সার, নিউজপ্রিন্ট, সিমেন্ট, গ্লাস, স্টিল, কেব্ল, মোটর সাইকেল ও গাড়ি সংযোজন, ডিস্টিলারিসহ বেশ কিছু শিল্পকারখানা পরিচালিত হচ্ছে। এসব কারখানায় উৎপাদিত পণ্যের গুণগত মানোন্নয়ন ও পণ্য বৈচিত্র্যকরণের জন্য আধুনিকায়ন ও অটোমেশন জরুরি। যুক্তরাজ্য থেকে আজ শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।