কৃষি বহুমুখীকরণ ও লাভজনক করতে হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শুধু ধানসহ প্রচলিত কৃষিপণ্যের উৎপাদনের ওপর নির্ভরশীল না হয়ে কৃষিকে বহুমুখীকরণ ও লাভজনক করতে হবে।

গতকাল শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৯ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গত অর্থবছর যে সব গবেষণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার কারিগরি অধিবেশন ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।

এ সময় কৃষিমন্ত্রী বারি’র মৃত্তিকা বিজ্ঞান, কীটতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব ল্যাব পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের সেমিনার কক্ষের পাশে স্থাপিত বিভিন্ন বিভাগের স্টল পরিদর্শন করেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২১২টি ফসলের ৫৫৮টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৫২৪টি অন্যান্য প্রযুক্তিসহ মোট ১,০৮২টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। বর্তমানে ২০৭টি ফসলের ওপর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, গম, সবজি, মসলা এবং ফল ফসলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই-বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশকে অন্তত দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে। সঙ্গে সঙ্গে দারিদ্র্য কমিয়ে আনা হবে। ২০১৫ সালের মধ্যেই বাংলাদেশ দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।