চট্টগ্রামের পটিয়ায় নিজ ঘর থেকে চুমকি ধর (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। চুমকি ধর গৈড়লা এলাকার লিটন ধরের স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে লিটন ও চুমকির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে অন্য একটি ঘরে চলে যান চুমকি। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে টিন কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যরা। এ সময় চুমকিকে ঘরের সিলিংয়ের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পটিয়া থানার এসআই পরেশ চন্দ্র শিকদার দেশ রূপান্তরকে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।