পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে দাদাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৫) ও ইয়াসিন (৩) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ ও ইয়াসিনের বাবা সাদ্দাম হোসেন নারায়ণগঞ্জের একটি দোকানে দর্জির কাজ করেন। চার দিন আগে আব্দুল্লাহ ও ইয়াসিন তার মা রাহিমা বেগমের সঙ্গে ঢাকা থেকে বাউফলের বিলবিলাস গ্রামে দাদাবাড়ি বেড়াতে আসে। দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে নিখোঁজ হয়।