গত ১১ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পূর্বপাড়ার কাচারিপাড়া এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত অন্তর ম-লের হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
গতকাল শনিবার সকাল ১০টায় শুভাঢ্যার কাচারিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে অন্তরের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা খুনের সঙ্গে জড়িত সবার গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন। নিহত অন্তরের বন্ধু সোহেল জানায়, সন্ত্রাসীরা নিজেরা নিজেরা মারামারি করে যাওয়ার সময় ওকে (অন্তর) অকারণে ছুরিকাঘাত করে চলে যায়।
এদিকে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার দেশ রূপান্তরকে বলেন, খুনের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে একজন গ্রেপ্তারও হয়েছে। মূল আসামিসহ বাকিদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি।