চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জহুরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে বিজিবি এখনো এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

নিহত জহুরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে মনাকষা ইউনিয়নের একজন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে জহুরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে জহুরুল ইসলাম মারা যান।

জহুরুলের সহযোগীরা সীমান্ত এলাকা থেকে লাশ নিয়ে এসে পরিবারের লোকজন দেয় এবং গোপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় লাশ দাফন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘গণমাধ্যম কর্মীসহ স্থানীয়দের কাছ থেকে আমরা এমন খবর শুনেছি। বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে। খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে’।