১৪ দিনের শিশুকে পুকুরে ফেলে হত্যা, মা আটক

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে ১৪ দিনের এক কন্যাশিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন মা। গতকাল রবিবার বিকেলে কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। মা ময়না আক্তার (২২) শিশুটিকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। 

স্থানীয়রা জানান, স্বামী সুজন সরদারের সঙ্গে বিরোধের জেরে নিজের কন্যাশিশুকে পুকুরে ফেলে দেন ময়না। পরে টের পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ এসে ঘরের পাশের ওই পুকুর থেকে জামিলার লাশ উদ্ধার করে। এ সময় পরিবারের সদস্যদের জেরা করে পুলিশ। একপর্যায়ে নিজের কন্যাকে নিজেই পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন ময়না। 

শিশুটির বাবা সুজন সরদার কান্নাজড়িত কণ্ঠে দেশ রূপান্তরকে বলেন, ‘আমার সংসারে কোনো অভাব নাই। তারপরও আমার স্ত্রী কেন এটা করল, আমি কিছুই জানি না।’

কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন জানান, শিশুর মা ময়না শিশুটিকে পুকুরে ফেলার কথা স্বীকার করেছেন। তবে কেন হত্যা করেছেন সে বিষয়ে তিনি মুখ খুলছেন না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।