বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী শাহীন বাবুর পক্ষে এ রিট আবেদনটি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। আবেদনে আবরার হত্যার ঘটনা তদন্তের বিচারিক কমিটি গঠনের নির্দেশনা চেয়ে আর্জি জানানো হয়েছে।
আইনজীবী এ কে এম ফয়েজ গণমাধ্যমেক জানান, আবরার হত্যার ঘটনায় বিচারিক কমিটি দিয়ে তদন্তের নির্দেশনা চাওয়ার পাশাপাশি তার পরিবারকে যথাযথ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর পিটুনিতে মারা যান বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতিমধ্যে এজাহারভুক্ত ১৫ আসামি ও সন্দিগ্ধ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।