নতুন মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়েছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আনোয়ারুল ইসলাম বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। শফিউল আলমকে বিশ^ব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে।
নতুন মন্ত্রিপরিষদ সচিব গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আমি নিষ্ঠার সঙ্গে সারা জীবন দায়িত্ব পালন করেছি। আগামীতেও করব। আমি সবার সহায়তা চাই।’
খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮২ সালের বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন। ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। তিনি ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পান। ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব হন। আনোয়ারুল ইসলাম মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের পদেও ছিলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
চাকরির মেয়াদ শেষে এক বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করছেন শফিউল আলম। আগামী ডিসেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। শফিউল আলম চুক্তিতে বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন বলে এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন। একই সঙ্গে আনোয়ারুল ইসলামের মন্ত্রিপরিষদ সচিব হওয়ার বিষয়টিও তখন জানিয়েছিলেন তিনি।