রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারানো রাজীবের দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ দিতে স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুটি বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের স্নাতক শিক্ষার্থী রাজীবের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন ৪ এপ্রিল তার চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল মারা যান রাজীব।
পরে তার দুই ভাইকে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট গত ২০ জুন এক রায়ে রাজীবের মৃত্যুর জন্য বিআরটিসি ও স্বজন পরিবহনকে দায়ী করে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ওই দুই পরিবহনকে ২৫ লাখ করে মোট ৫০ লাখ টাকা রাজীবের দুই ভাইকে দেওয়ার নির্দেশ দেয়। এরপর স্বজন পরিবহন হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
আদালতে স্বজন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল, রাজীবের দুই ভাইয়ের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আদালত স্বজন পরিবহনকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়ে এরপর শুনানি শুরু করার কথা বলেছেন। আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।