ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অন্তত লড়াই প্রত্যাশা ছিল সবার। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচই ভেসে যায় বৃষ্টিতে। শেষ ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়। সোমবার কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচটা হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও তাই নিজেদের করল ভারত।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩০ রানে জয় তুলে নেয় ভারতীয় মেয়েরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে অতিথি দল। জবাব দিতে নেমে ৯ উইকেটে ৮১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
ভারতের মেয়েদের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন তেজাল হাসাবনিস। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন খাদিজা তুল কুবরা। মুমতাহিনা হাসনাত নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশের মেয়েরা। নুজহাত টুম্পা ও ফাহিমা খাতুন এরপর ৩০ রানের জুটি গড়েন। তানুজা কানওয়ার সেই জুটি ভাঙতেই বাংলাদেশের সব আশা শেষ হয়। ১৭তম ওভারে পর পর দুই বলে ফাহিমা ও টুম্পাকে ফেরান কানওয়ার। মোট ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি।