জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে প্রকল্পের কাজ উদ্বোধন করেন তিনি। প্রকল্পগুলো হলো ১০ তলা অ্যাকাডেমিক ভবন, অতিথি ভবন ও সাব-স্টেশন ভবন নির্মাণ। এসব ভবন নির্মাণে পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদ জানিয়ে আগে থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। গতকালও তারা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে বাধা দেন। গ্রিন ক্যাম্পাসের সভাপতি আশরাফ শুভ বলেন, ‘আমরা এ ভিত্তিপ্রস্তর স্থাপন মানি না। পুরো পুকুর রক্ষা না হলে আমরা কোনো কাজ হতে দেব না।’ আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি হাসিব ইসলাম জানান, ক্যাম্পাসে উন্নয়নের নামে পরিবেশবিরোধী কোনো পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে দেবেন না।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ খোলা হবে। এজন্য ভবন দরকার। গাছ ও পুকুর যতটা সম্ভব রক্ষা করে ভবনগুলো করা হবে।’