টেকনাফে বিজিবি বিজিপির পতাকা বৈঠক অনুষ্ঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় টেকনাফের সমুদ্রসৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রিসোর্ট’-এর সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সীমান্ত সুরক্ষায় উভয় দেশ চলমান যৌথ টহল অব্যাহত রাখবে। বৈঠকে দুই দেশের সীমান্তসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমানের নেতৃত্বে টেকনাফের ২ নম্বর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহামেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।