যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/প্রফেশনাল) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ২১ ও ২২ নভেম্বরই হবে। গত রবিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.just.edu.bd গিয়ে আবেদন করতে হবে। ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আর ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা।
এরপর ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। ২২ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘ডি’ ইউনিট, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ই’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
এ বছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯১০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।