অনুশীলন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল অনূর্ধ্ব-১৮ গাজীপুর জেলা ক্রিকেট দলের ফাস্ট বোলার জয়দেব নাথ (১৭)। সঙ্গে ছিল বন্ধু সজীব হাসান (১৭)। গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড়সংলগ্ন পেয়ারাবাগান এলাকায় বাড়ির কাছে পৌঁছলে একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বন্ধুসহ মারা যায় এ ক্রিকেটার। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়দেব ময়মনসিংহের হালুয়াঘাটের হীরা দেবনাথের ছেলে। আর সজীব বগুড়ার
সোনাতলার গুয়াকোয়া গ্রামের মিঠু মিয়ার ছেলে। তারা স্থানীয় আবদুল মজিদ মডেল স্কুলের শিক্ষার্থী। দলের কোচ আনোয়ার হোসেন জানান, ২৭ অক্টোবর গোপালগঞ্জ স্টেডিয়ামে নরসিংদী জেলার সঙ্গে গাজীপুরের খেলা রয়েছে। জয়দেব সকালে গাজীপুর রাজবাড়ী মাঠে অনুশীলন করে। দুপুরে বন্ধু সজীবের সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
বাসন থানার এসআই ইব্রাহিম খলিল জানান, দুপুর ১টার দিকে পেয়ারাবাগান এলাকায় কোনাবাড়ীগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জয়দেব ও সজীব মারা যায়। কাভার্ড ভ্যানচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
জয়দেব ও সজীব ছাড়াও গতকাল সিরাজগঞ্জে পৃথক ট্রাকচাপায় দুই ব্যবসায়ী, রাজশাহীতে ট্রাক্টরের ধাক্কায় শিশু এবং মাগুরায় সিএনজিচাপায় টেলিফোন বিভাগের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিহত হন।
সিরাজগঞ্জ : সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, উপজেলার চ-িদাসগাতী গ্রামের আহমেদ তালুকদারের ছেলে সবজি ব্যবসায়ী আলাউদ্দিন (৪০) গতকাল বেলা ১১টার দিকে বাড়ি থেকে সিরাজগঞ্জ শহরে আসছিলেন। শহরের বাজার স্টেশন এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বেলকুচি থানা ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, উপজেলার চালা উত্তরপাড়া গ্রামের শীতল ব্যাপারীর ছেলে চাল ব্যবসায়ী আবু বক্কর (৬০) সুবর্ণসাড়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন একটি ট্রাক তাকে চাপা দেয়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
রাজশাহী : দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ী গ্রামে ট্রাক্টরের ধাক্কায় সোহেল রানা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। ওই গ্রামের চা বিক্রেতা আব্বাছ আলীর ছেলে সোহেল শ্রীধরপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত। স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে সোহেল নারায়ণপুর বাজারে তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা : গতকাল সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের পারনান্দুয়ালী বোর্ড অফিস এলাকায় সিএনজিচাপায় মাহবুবুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। মহম্মদপুর উপজেলার মৌলভি জোকা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাহবুব টেলিফোন বিভাগের অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সপেক্টর ছিলেন। প্রতিবেদনে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ব্যবহৃত হয়েছে।