সংসদ ভবনে যুক্ত হচ্ছে আরও ৬০ সিসিটিভি ক্যামেরা

জাতীয় সংসদ ভবন এলাকার নিরাপত্তা বাড়াতে নতুন আরও ৬০টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা যুক্ত হতে যাচ্ছে। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কয়েকবার  বৈঠকের পর কমিটি এই প্রকল্পের জন্য প্রায় ৪ কোটি টাকা প্রস্তাবিত ব্যয় ধরেছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী ক্যামেরার সংখ্যা আরও বাড়তে পারে। সংসদ সচিবালয় সূত্র এসব তথ্য জানায়। সূত্র জানায়, সংসদ ভবন ও এর আশপাশ

বিশেষ গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ইতিমধ্যে গোয়েন্দা বাহিনীর সদস্য ও আইটি বিশেষজ্ঞ, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা বেশ কয়েকটি  বৈঠকও করেছেন। বৈঠকে জানানো হয়, বর্তমান ক্যামেরাগুলো পিটিজেড সিস্টেমের। তাই দূরত্ব ও প্রয়োজনীয়তা নিরূপণপূর্বক বুলেট সিস্টেমের ক্যামেরা সংযোজন প্রয়োজন। তাই প্রাথমিকভাবে নতুন ৬০টি ক্যামেরা বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে।

আরও জানা যায়, দেশে বজ্রপাত বেড়ে যাওয়ায় ক্যামেরাগুলো দ্রুত নষ্ট বা ক্ষতি হচ্ছে। তাই নতুন যেসব ক্যামেরা কেনা হবে সেগুলোর সঙ্গে আর্থিং সিস্টেম সংযোজন করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৯৮ হাজার ১৬৩ টাকা। এর মধ্যে ক্যামেরা ও যন্ত্রপাতি এবং লাগানোসহ মোট প্রস্তাবিত সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। তবে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০১৮ অনুযায়ী, এই পরিমাণ টাকার ওপর দরপত্র আহ্বানকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি ১০ শতাংশ লভ্যাংশ পাবে। এজন্য কন্ট্রাক্টরকে দিতে হবে ২২ লাখ ৪৪ হাজার ৬৪০ টাকা। এছাড়া ওভারহেড চার্জ, ভ্যাট রয়েছে। কমিটির আগামী বৈঠকে বাজারের দাম ও ক্যামেরার সংখ্যা নির্দিষ্ট করে প্রস্তাবিত চূড়ান্ত ব্যয় নির্ধারণ করা হতে পারে।