সৌরভকে মমতার শুভেচ্ছা

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই- এর সভাপতি হতে যাওয়া সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাটকীয়ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ। এখন কেবল বাকি আনুষ্ঠানিক ঘোষণা। বিসিসিআই’র প্রধান হিসেবে আগামী দশ মাস দায়িত্ব পালন করবেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে টুইট-বার্তায় প্রশংসা ও অভিনন্দনে ভরিয়ে দেওয়া হল সদ্য মনোনীত বিসিসিআই প্রেসিডেন্টকে।

“বোর্ড প্রেসিডেন্ট পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন। অজস্র শুভেচ্ছা রইল। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছ। সিএবি প্রেসিডেন্ট হিসেবেও তোমার কাজে গর্বিত। একটা দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকলাম।”

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ। প্রথমে ব্রিজেশ প্যাটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সচিব। অন্যদিকে সাবেক বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধুমাল হবেন বিসিসিআই’র নয়া কোষাধ্যক্ষ।