বাস থেকে নামতেই ট্রাকের নিচে পিষ্ট যুবক

আশুলিয়ায় বালুভর্তি ট্রাক চাপায় গোলাম রাব্বানী (৩৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বানী (৩৫) বি. বাড়ীয়া জেলার নবীনগর থানার দুর্লা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি ঢাকা ইপিজেডের ইয়াংওয়ান নামের পোশাক কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

পুলিশ জানায়, নিহত যুবক উত্তরা থেকে যাত্রীবাহী বাসে উঠে আশুলিয়া ইউনিক বাসস্ট্যান্ডে এসে নামার পর পেছন থেকে আসা একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই নাহিদ বলেন, ‘নিহত যুবকের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।’