রামগঞ্জে গুরুত্বপূর্ণ সড়কে মরণফাঁদ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার অভিরামপুর-আউগানখিল সড়কের ওপর কালভার্টটির দুই পাশ ভেঙে মরলফাঁদে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আগত শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধির কাছে বেশ কয়েকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সূত্র জানায়, রামগঞ্জ পৌর শহরের অভিরামপুর-আউগানখিল পাকা সড়কের কালভার্টটি দীর্ঘ কয়েক বছর যাবৎ সংস্কার না হওয়ায় কালভার্টটির দুই পাশ ভেঙে গিয়ে বিশালাকার গর্ত সৃষ্টি হয়ে গত দুইমাস যাবৎ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

একইভাবে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়া রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, অভিরামপুর উচ্চ বিদ্যালয়, রাব্বানীয়া মাদ্রাসা, সরকারি কলেজ, মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছতে নানা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হচ্ছে।

পৌরসভার সাবেক মেয়র আলী আকবরের ছেলে মো. সুমন বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার এবং কালভার্টটি পুনর্নির্মাণ করতে গ্রামবাসী একাধিকবার জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েও প্রতিকার পাচ্ছেন না।