ঘন চুলের জন্য

নারীর ঘন দীঘল চুলের সৌন্দর্য যেন দিন দিন হারাতে বসেছে। স্ট্রেস, দূষণ, ব্যস্ততম জীবনযাপনের কারণে চুল পড়ে কমবেশি সবারই। কী করলে চুল পড়া কমবে, নতুন চুল গজাবে, তা নিয়ে ঘরোয়া কিছু উপায় জানালেন রূপবিশেষজ্ঞ খালেদা পারভীন সিনথিয়া

চুল পড়ার কারণ

সাধারণত একজন মানুষের ৮০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক । কিন্তু এর বেশি পড়া শুরু করলে সেটি চিন্তার বিষয়। সাধারণত বেশ কিছু কারণে চুল পড়া বেড়ে যেতে পারে। কারণগুলো হলো_

বংশগত, অতিরিক্ত স্ট্রেস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত হেয়ার স্টাইল, ভেজা চুল আঁচড়ানো, অতিরিক্ত শ্যাম্পু করা, শক্ত করে চুল বাঁধা এবং গরম পানির ব্যবহার। প্রাকৃতিক কিছু উপায়ে চুল পড়া রোধ করতে পারেন।

ভিটামিন ক্যাপসুল : ভিটামিন-ই ক্যাপসুল ৭-৮টি এবং নারকেল তেল অথবা অলিভ অয়েল।

ব্যবহার : পাত্রে নারকেল তেল অথবা অলিভ অয়েল নিন। এর সঙ্গে ই-ক্যাপসুল মিশিয়ে মিশ্রণটি চুলে ম্যাসাজ করুন। এরপর সারা রাত চুলে রেখে দিন। পরের দিন চুলে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে দু'বার ব্যবহার করুন।

উপকারিতা : ভিটামিন-ই-তে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে। এটি মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে। নিয়মিত ব্যবহারের চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে।

রোজমেরি অয়েল : রোজমেরি অয়েল ২ ফোঁটা, অলিভ অয়েল অথবা নারকেল তেল ২ টেবিল চামচ।

ব্যবহার : নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা আমন্ড অয়েলের সঙ্গে রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এটি মাথার তালু এবং চুলে ম্যাসাজ করে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন।

উপকারিতা : রোজমেরি অয়েল রোজমেরি হার্ব থেকে তৈরি হয়। এই অয়েল মাথার কোষের বিভাজন করে, রক্তনালি প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা চুল বৃদ্ধিতে সাহায্য করে।

ডিম : ডিমের কুসুম ২টি, অলিভ অয়েল ১ টেবিল চামচ, টকদই সিকি কাপ, মেয়নেজ ১ চা চামচ।

ব্যবহার : দুটি ডিমের কুসুম ভালো করে বিট করে নিন। তারপর এতে পরিমাণমতো অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে চুলে ব্যবহার করুন। এভাবে চুল রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

উপকারিতা : এই প্যাক থাকে কেরাটিন প্রোটিন, যা চুল গজাতে সক্ষম। ডিম হলো প্রোটিনের অন্যতম উৎস, যা চুলে পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।

আমলকী : নারকেল তেল ও আমলকী।

ব্যবহার : একটি পাত্রে অল্প পরিমাণ তেল গরম করুন। গরম করার সময় এই তেলের সঙ্গে সামান্য শুকনো আমলকী মিশিয়ে নিন। তেল কিছুটা জ্বাল হয়ে এলে ঠাণ্ডা করে ছেঁকে নিয়ে তেল মাথার তালুতে ম্যাসাজ করে ব্যবহার করুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

উপকারিতা : চুল পড়া রোধে আমলকী বেশ কার্যকর। চুল পাকা রোধ করবে আমলকী তেল।

মেথি : মেথি আধা কাপ ও নারকেল তেল ১ কাপ।

ব্যবহার : এক কাপ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সারা রাত ভেজানো সম্ভব না হলে চার ঘণ্টা মেথি ভিজিয়ে রাখুন। মেথি পানিতে থেকে তুলে ভালো করে বেটে নিন। এই বাটা মেথি চুলে ব্যবহার করার সময় এর সঙ্গে তেল মিশিয়ে নিন। এক ঘণ্টার পর শ্যাম্পু করে নিন। এই প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন।

উপকারিতা : নতুন চুল গজাতে মেথি বেশ কার্যকর। এতে প্রোটিন রয়েছে। এ ছাড়া এতে লেসিথিন উপাদান রয়েছে, যা চুলের ময়েশ্চার ধরে রাখে এবং চুলকে মজবুত করে তোলে।

লেবুর রস : লেবু ১টি, নারকেল তেল বা অলিভ অয়েল ২ টেবিল চামচ।

ব্যবহার : একটি পাত্রে দুই টেবিল চামচ নারকেল অথবা অলিভ অয়েলের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার তালু এবং চুলে ব্যবহার করুন। এটি চুলে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন!

উপকারিতা : লেবুর রসে রয়েছে ভিটামিন-সি এবং ভিটামিন-বি১, বি২, বি৩, বি৫, বি৬, বি১৩, ফলিক এসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট। লেবুর রস খুশকি কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি মাথার তালুতে রক্ত চলাচল বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে!