রাজকীয় সফরে পাকিস্তানে গেছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম এবং রাজবধূ কেট মিডলটন। পাঁচ দিনের সফরের শুরুর দিনে গতকাল মঙ্গলবার ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লস স্কুলে যান তারা। সেখানে তারা পাকিস্তানের নারীদের শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। স্কুলে প্রিন্স উইলিয়াম শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আনুষ্ঠানিক শিক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যেও আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের চেষ্টা করছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমনওয়েলথ অফিসের অনুরোধেই তারা এই সফর করছেন। সোমবার সন্ধ্যায় পাঁচ দিনের সফর শুরু করেছেন তারা। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর সন্ধ্যায় দেশটির ব্যবসায়ী, সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের কিছু সদস্যের সঙ্গেও কথা বলেন তারা। এর আগে ২০০৬ সালে পাকিস্তানে সফর করেছিলেন প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়েল।
ব্রিটিশ হাইকমিশনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, ২০১১ সাল থেকে প্রায় ৫০ লাখেরও বেশি মেয়েশিশুকে উন্নত শিক্ষা অর্জনে সহায়তা প্রদান করে যাচ্ছে যুক্তরাজ্য। হিমালয়ের পাদদেশে অবস্থিত মারগালা পাহাড়ের আরও তিনটি স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করবেন ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ।
সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার বন্ধু ছিলেন। দাতব্য কর্মকাণ্ডের অংশ হিসেবে বেশ কয়েকবার পাকিস্তানে সফর করেছেন প্রিন্স উইলিয়ামের মা ডায়ানা। পাকিস্তানে প্রথমবারের মতো এই সফরে তরুণদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানার গুরুত্ব নিয়ে কথা বলেছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন।