ইন্টারনেট ভিত্তিক অধিকাংশ অ্যাপসের মতো টিভি স্ট্রিমিং ডিভাইসও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
ডিভাইসগুলো পরীক্ষা করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা। তারা বলছেন রোকু এবং আমাজন ফায়ার টিভিতে কোন কোন অ্যাপ ব্যবহারকারীকে ট্র্যাক করে, সেটি তারা জানতে চেয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে রোকুর ৬৯ শতাংশ অ্যাপে ট্রাকার রয়েছে। আমাজনের ক্ষেত্রে ৮৯ শতাংশ!
ওই অ্যাপগুলো ব্যবহারকারীর ডিভাইসের আইডি নম্বর, সিরিয়াল নম্বর, ওয়াইফাই ঠিকানা হাতিয়ে নেয়। কখনো কখনো এগুলো এনক্রিপ্ট নয়, এমন সংযোগের সঙ্গেও শেয়ার করা হয়েছে।
সবচেয়ে হতাশার কথা হল, সাইবার হামলা প্রতিরোধের জন্য এই ডিভাইসগুলোর ব্যবস্থা একদম অকার্যকর।
ডেটা বিশ্লেষণ করে প্রযুক্তিবিদরা দেখেছেন, ট্র্যাকারদের মধ্যে রোকুতে শীর্ষে রয়েছে গুগলের মালিকানাধীন ডাবলক্লিক.নেট। এই ডিভাইসে ব্যক্তিগত তথ্য চুরি করা ৯৭৫টি অ্যাপ পাওয়া গেছে। অন্যদিকে আমাজন অ্যাড ট্র্যাকার বেশি দেখা গেছে ফায়ার টিভিতে।
রোকুর শীর্ষ দশটি ট্র্যাকারের মধ্যে অধিকাংশ রয়েছে গেমিং অ্যাপ। আমাজনের দশটির মধ্যে পাঁচটি স্থানীয় সংবাদমাধ্যম।
প্রযুক্তিবিদরা অ্যাপল টিভি কেন পরীক্ষা করেননি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে তারা বলছেন, অনিরাপদ সংযোগ প্রতিরোধ করতে টিভি স্ট্রিমিং ডিভাইসগুলো অ্যাপলের সিকিউরিটি ফিচার অনুকরণ করতে পারে।