বিয়ে নিয়ে লুকোচুরি নয়

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনয় ক্যারিয়ারে এখন শীর্ষে। নিয়মিত দেখা দেন বিজ্ঞাপনের ঝলমলে ক্যানভাসেও। একই সঙ্গে প্রেম-ভালোবাসা নিয়ে সব সময় দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি। লিখেছেন ইফতেখার শুভ

টেলিভিশন মিডিয়ায় জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। নিয়মিত কাজ করছেন নাটক ও বিজ্ঞাপনে। তবে ধারাবাহিক নাটকে পাওয়া যায় না তাকে। শুধু খণ্ড নাটকই করেন। সম্প্রতি তিনটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘তুমি আমারই’ টেলিফিল্মে তার বিপরীতে আছেন আফরান নিশো। মহিদুল মুহিমের পরিচালনায় নাম চ‚ড়ান্ত না হওয়া একটি নাটকের শ্যুটিং করেছেন মেহজাবিন। এ নাটকটিতেও তার বিপরীতে রয়েছেন নিশো। সময়ের জনপ্রিয় জুটি অপূর্ব- মেহজাবিন। অপূর্বর সঙ্গে সম্প্রতি কোনো কাজ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জুটির গ্রহণযোগ্যতা রয়েছে আমি সেটা জানি। তাই বলে যেনতেন কাজ করে সেই গ্রহণযোগ্যতা নষ্ট করতে চাই না। এজন্য অন্যদের তুলনায় অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ কম হয়। কিন্তু যখনই করি, দারুণ কোনো গল্পে কাজ করি। এজন্যই আমাদের জুটির নাটক দর্শক সব সময় দারুণভাবে গ্রহণ করেন।’

গত মাসে তেমনি ব্যতিক্রমধর্মী গল্পের একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন অপূর্ব ও মেহজাবিন। বি ইউ শুভর পরিচালনায় ‘বযাক ডায়মন্ড’ নামের এ নাটকটির দূর্গা পূজায় প্রচারের পর বেশ সাড়া পেয়েছেন তারা।

মেহজাবিন সম্প্রতি নাফিজের পরিচালনায় একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তেই কাজ করি। কারণ, বিজ্ঞাপন চ্যানেলে বহুবার প্রচার করা হয়। সেক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু বেশিই সচেতন থাকতে হয়, যেন কাজটি ভালো হয়। মনের মতো হলেই বিজ্ঞাপনে কাজ করি আমি। ডিটারজেন্ট পাউডারের গল্প-ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লেগেছে বলে কাজটি করেছি।’

জনপ্রিয়তার পাশাপাশি বিতর্ক আর সমালোচনা যেন একই পথে হাঁটে। মেহজাবিনকেও মাঝেমধ্যে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই যেমন কিছুদিন আগে একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়, যা মেহজাবিনের বলে দাবি করেন অনেকে। যদিও পরে তার কোনো সত্যতা মেলেনি। ব্যক্তিজীবন নিয়ে কখনই খুব একটা কথা বলতে চান না এই অভিনেত্রী। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। তা নিয়েও আজ পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি। তবে সম্প্রতি তাকে রাজীবের বড় বোনের জন্মদিনের অনুষ্ঠানে হাসিখুশি অবস্থায় পাওয়া গেছে। এ নিয়ে আবারও তার আর রাজীবের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। অবশেষে এ প্রসঙ্গে  তিনি বলেন, ‘সামাজিক মাধ্যম ফেইসবুকে যে ভিডিও ছড়িয়েছে সেটা যে আমার নয় তা ইতিমধ্যে দর্শক বুঝতেই পেরেছেন। কিছু অসাধু লোক বিভ্রান্তি সৃষ্টি করছেন আমাকে নিয়ে। আমার ফ্যান-ফলোয়ার এবং সমর্থকরা তাদের দুষ্টচক্রে পা দেননি। সুখ-দুঃখে আমার পাশেই থেকেছেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এমন কিছু করব না যা আমার ভক্তদের কষ্ট দেবে। প্রেম নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না। তবে বিয়ে করলে ভক্তদের তা জানার অধিকার আছে। আমি সেই অধিকার ক্ষুণœ করব না। সবাইকে জানিয়েই বিয়েটা করব।’