বাংলাদেশ সিরিজের আগেই ধোনি ইস্যুর সমাধান চান সৌরভ

মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত দেওয়ার আগে নির্বাচকদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সৌরভের উদ্ধৃতি দিয়ে এমনই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ধোনির ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন ভারতীয় নির্বাচকেরা, তা ২৪ অক্টোবর মিটিংয়ে জানতে চাইবেন বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিতে যাওয়া সৌরভ।

ভারত এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলছে। এই সিরিজ শেষেই বাংলাদেশকে আতিথ্য দেবে তারা। সাকিব আল হাসানদের বিপক্ষে সিরিজের জন্য ২৪ অক্টোবর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে ভারত। ঠিক তার আগের দিন ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ।

প্রাথমিকভাবে ২১ অক্টোবর ঘোষিত হওয়ার কথা ছিল ভারত স্কোয়াড। কিন্তু নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পরই ঘোষিত হবে তা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দুই দল।

বাংলাদেশ সিরিজের আগে ধোনি প্রসঙ্গ আসছে প্রাসঙ্গিকভাবেই। ৩৮ বছর বয়সী ধোনি বিশ্বকাপের পর থেকেই ভারত দলের বাইরে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হারের পরই ক্রিকেট থেকে ছুটি নেন তিনি। যোগ দিয়েছিলেন সেনা ট্রেনিংয়ে।

ওয়েস্ট ইন্ডিজ সফর তাই মিস করেন। এরপর ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নির্বাচিত হননি ধোনি। ভারতীয় ক্রিকেটে এখন ধোনির অবসরটা অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ধোনি নিজে কখনো পরিষ্কার করেননি, আসলে কি চাচ্ছেন তিনি। অন্যদিকে ভবিষ্যৎ তারকাদের দিকেও নজর দেওয়ার গুরুত্ব অনুভব করছেন ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্টরা।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কার্যালয়ে বসে সৌরভ সংবাদমাধ্যমকে বললেন, ‘২৪ অক্টোবর যখন নির্বাচকদের সঙ্গে দেখা হবে তখন এ বিষয়ে জানতে পারব। নির্বাচকেরা কি ভাবছেন তা খুঁজে বের করার চেষ্টা করব আমি। এরপর আমি আমার মতামত দেব।’ তার মানে বাংলাদেশ সিরিজের আগেই ধোনি ইস্যুর একটা স্থির সিদ্ধান্ত নিশ্চয়ই হতে পারে। সৌরভের কথায় অনন্ত সেই আভাস মিলছে।

ধোনির এত দিন ছুটিতে থাকা নিয়ে সাংবাদিকেরা সৌরভকে প্রশ্ন করেছিলেন, কোনো ক্রিকেটার এত দীর্ঘ সময় বাইরে থাকতে পারেন কিনা? সৌরভ বলেন, ‘আমি কখনো এমনটা দেখিনি। তাই নির্বাচক কমিটির সঙ্গে আমার প্রথম বৈঠক হবে ২৪ অক্টোবর।’ তবে ধোনি কী চান সেটিও জানার অপেক্ষার কথা জানান সৌরভ। এ জন্যই বোধ হয় পরে বললেন, ‘ধোনি কী চায় সেটি দেখি।’