নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা ৯ জন শিক্ষক কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। গত মঙ্গলবার কোতোয়ালি থানায় ওই জিডি করেছেন বলে জানান শিক্ষকরা।
শিক্ষকরা অভিযোগ করেন, দিনাজপুর শহরে বসবাসকারী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২-৩ জন উচ্ছৃঙ্খল কর্মচারী বিভিন্ন সময়ে হাবিপ্রবিতে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কুরুচিপূর্ণভাবে ব্যঙ্গ-বিদ্রুপ করে থাকেন এবং আমাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকেন। সম্প্রতি আমরা গোপন সূত্রে জানতে পারি, এই সব কর্মচারী হাবিপ্রবি প্রশাসনকে সহায়তাকারী শিক্ষকদের দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত করার পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত।
যেসব শিক্ষক সাধারণ ডায়েরি করেছেন তারা হলেন প্রফেসর ড. মোস্তাফিজার রহমান (পরিচালক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখা), প্রফেসর ড. খালেদ হোসেন (প্রক্টর), প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম (পরিচালক, আই.আর.টি), প্রফেসর ড. ইমরান পারভেজ (পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ), ড. নজরুল ইসলাম (হল সুপার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল), প্রফেসর ড. তহিদার রহমান (হল সুপার, তাজউদ্দিন আহমেদ হল), ড. মাহবুব হোসেন (সহকারী প্রক্টর), ড. আবু সাঈদ (সহকারী প্রক্টর), বেলাল হোসেন (সহকারী পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ)।
সদর থানার ওসি রেদওয়ানুর রহিম জিডির সত্যতা নিশ্চিত করেছেন।