বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বুধবার বিকেলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর ড. কামাল হোসেন সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানান। মতিঝিলে কামাল হোসেনের আইনি চেম্বারে তার সভাপতিত্বে এ বৈঠক হয়।
ড. কামাল বলেন, ‘দেশের অবস্থা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, দেশের মানুষও উদ্বিগ্ন। সম্প্রতি অনেক রকমের ভয়াবহ ঘটনা ঘটেছে; বিশেষ করে আবরার হত্যার ঘটনা, যেটা সবাই দেখেছে কীভাবে এটা ঘটানো হলো। ইচ্ছাকৃতভাবে একজন মেধাবী, নিরীহ ছেলেকে মেরে ফেলা হয়েছেÑ এটা জঘন্য ব্যাপার।’
পুলিশ ১৩ অক্টোবর ঢাকায় ঐক্যফ্রন্টকে নাগরিক শোক র্যালি করতে দেয়নি, সে ক্ষেত্রে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি আপনারা পাবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন বলেন, ‘আমাদের তো করে যেতেই হবে। পারমিশন দেবে, না দেবেÑ আমাদের করেই যেতে হবে। দেখা যাক।’ এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ফ্রন্টের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। ঐক্যফ্রন্ট ঘোষিত কর্মসূচি হচ্ছে : আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গণস্বাক্ষর অভিযান এবং ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ২২ অক্টোবর সমাবেশ।