ছাত্রীকে বেতিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

লালমনিরহাটের আদিতমারীতে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে স্থানীয় মিরেরচর সাকসেস কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তামান্না আক্তার (১৩) ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ওই শিক্ষকের নাম বজলুর রহমান। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির সহকারী পরিচালকের দায়িত্বে আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পরপরই তামান্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে।

ভুক্তভোগী তামান্না দেশ রূপান্তরকে জানায়, দুই বছর ধরে স্কুলটিতে পড়াশোনা করে আসছে সে। ভর্তির শুরু থেকেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়ার কথা থাকলেও তা মানছে না প্রতিষ্ঠানটি। এ ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্রীরা মঙ্গলবার রাতে কোচিংয়ের ক্লাস চলাকালে  প্রতিবাদ জানায়। এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক বজলুর রহমান তাকে বাঁশের বেত দিয়ে মারধর করেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

তামান্নার বড় ভাই বাবু মিয়া বলেন, ‘একজন শিক্ষক কখনই এভাবে ছাত্রীকে মারতে পারে না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

প্রতিষ্ঠানের পরিচালক ফজলুল করিম বলেন, ‘এভাবে মারধর করা ঠিক হয়নি। মেয়ের পরিবারের সঙ্গে বসে আপস-মীমাংসার চেষ্টার চলছে।’

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনা শুনেছি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।’