মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি স্পিডবোট ঘাট এলাকা থেকে হাসান মিয়া (২০) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন কুলিকে আটক করা হয়েছে।
মৃত হাসান মিয়া ফরিদপুর সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ডিএম পরিবহনের হেলপার ও মাঝে মাঝে ঘাট এলাকায় কুলি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুর স্তূপের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে শিবচর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাট এলাকা থেকে তিনজন কুলিকে আটক করা হয়েছে। আটকরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়িয়া কৃষ্ণপুর গ্রামের সালাউদ্দিন মোল্লার ছেলে নাজমুল (২২), পটুয়াখালী জেলার কুয়াকাটা থানার তাসনুপাড়া গ্রামের হাকিম মৃধার ছেলে সাগর মৃধা (১৮) ও ফরিদপুরের নগর কান্দা উপজেলার বাড়ৈয় ডাঙ্গী গ্রামের সৃজন শেখের ছেলে সাইফুল শেখ (১৯)।
এরা সবাই কাঁঠালবাড়ি ঘাট এলাকায় কুলি হিসেবে দীর্ঘ ধরে কাজ করতেন।
শিবচর থানার উপপরিদর্শক সাহাদাৎ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে এদের মধ্যে অন্তঃকোন্দলের কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।’