অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

হাসপাতালে সুস্থ হওয়ার পর লাশ হলেন রাস্তায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মুফিজুর রহমান (৭০), তার দুই ছেলের বউ জয়নাব বেগম (২০) ও বুলবুলি আক্তার (২৫)।

এ ঘটনায় দগ্ধ নিহত মুফিজুলের দুই ছেলে সাইফুদ্দিন (২৫), নেজামুদ্দিন (২০) ও গাড়ির হেলপার মোহাম্মদ মুন্নাকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাঁশখালীগামী অ্যাম্বুলেন্সটি পিএবি সড়কে পৌঁছলে বিকট শব্দে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গাড়িটি তিন টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

নিহত মুফিজুর রহমানের আরেক ছেলে জয়নাল আবেদীন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাবার চিকিৎসা শেষে তাকে নিয়ে সবাই বাড়ি ফিরছিলেন। পথে সিলিন্ডার বিস্ফোরণে বাবার সঙ্গে আমার দুই ভাবীর মৃত্যু হয়েছে। তিনজনকে হারিয়ে আমরা অসহায় হয়ে গেলাম।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।