তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে অভিযান সাময়িক স্থগিতের বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক শেষে এমন কথা জানান তিনি।
পেন্স জানান, কুর্দিদের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান পাঁচ দিনের জন্য স্থগিতের বিষয়ে সম্মত হয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্র তাদের এ বিষয়ে সার্বিক সহায়তা করবে। এ ছাড়া তুরস্কের
সীমান্ত থেকে কুর্দি মিলিশিয়াদের সরিয়ে সেখানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠাতেও ভ‚মিকা রাখবে তার দেশ।
গত ৮ অক্টোবর সিরিয়ার ওই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র তার সেনা সরিয়ে নিলে পরদিনই অভিযান শুরু করে তুরস্ক। এর পর থেকে গত এক সপ্তাহে সিরিয়ায় তুর্কি আগ্রাসনে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ৩ লাখের বেশি মানুষ। তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পরও এরদোয়ান অভিযান বন্ধ করেননি। উল্টো ঘোষণা দিয়েছেন নিরাপদ অঞ্চল স্থাপনের আগে হামলা বন্ধ করবেন না।
এ অবস্থায় তুর্কি প্রেসিডেন্টকে রাজি করাতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তুরস্কে পাঠান প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল তারা এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন।