লটারির ১০ কোটি টাকায় অসুস্থ মেয়ের রুম সাজালেন বাবা

লটারিতে জেতা ১০ কোটি টাকা দিয়ে অন্যদের মতো তিনি কোটিপতি হয়ে থাকতে পারতেন। পারতেন আরামে জীবন কাটাতে। যুক্তরাজ্যের ‘হতভাগ্য’ এক পিতা সেটি করেননি। অসুস্থ মেয়েকে আরেকটু ভালোভাবে, আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে বিশেষ একটি রুম বানিয়েছেন।

৩৫ বছর বয়সী অ্যাডাম ব্রিটেনের ন্যাশনাল লটারি জেতেন ২০১৭ সালে। ১৯৯৪ সাল থেকে এই লটারিতে সাড়ে পাঁচ হাজার মানুষ লাখপতি কিংবা কোটিপতি হয়েছেন।

মেয়েকে বাঁচিয়ে রাখতে অ্যাডামের এই যুদ্ধের কথা শুক্রবার জানিয়েছে দেশটির গণমাধ্যম মিরর

অ্যাডামের তিন বছর বয়সী মেয়ে চার্লট নির্ধারিত সময়ের প্রায় সাত সপ্তাহ আগে পৃথিবীতে আসে। তার ১১ ক্রোমোজোম অস্বাভাবিক। জন্মের পর তাকে বাঁচিয়ে রাখতে হাসপাতালের বিশেষ একটি রুমে রাখতে হয়। যা বেশ ব্যয়বহুল।

এভাবে কয়েক মাস চলার পর অ্যাডাম দিশেহারা হয়ে পড়েন। শেষ হয়ে যায় টাকা। ঠিক সেই মুহূর্তে দেশের জাতীয় লটারিতে পেয়ে যান প্রায় ১০ কোটি টাকা।

‘কঠিন একটি বছর পার করার পর লটারি জিতি। ক্রোমোজোমের সমস্যার পাশাপাশি আমার মেয়েটির এক কান সম্পূর্ণ বধির। অন্যটিতেও ঠিকমতো শুনতে পায় না,’ জানিয়ে অ্যাডাম বলেন, ‘আমি আসলে হতভাগ্য পিতা। মেয়ের জন্য কিছুই করতে পারিনি।’

‘এই টাকা দিয়ে ওর মুখে শুধু একটু হাসি ফোটাতে চেয়েছি। দুই বেডের বাড়িকে চার বেডে পরিণত করেছি। একটি রুম হাসপাতালের মতো বিশেষভাবে তৈরি করেছি।’

‘মেয়ে এই রুম পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আগের তুলনায় বেশি সুস্থ।’

অ্যাডামের এই গল্প ঠাঁই পেয়েছে ব্রিটেনের ন্যাশনাল লটারির প্রদর্শনীতে। ফুলহ্যাম প্যালেসে তাদের ছবি দেখানো হবে।

তাদের সঙ্গে থাকবে আরেকটি পরিবার, যারা লটারির টাকা দিয়ে মরণঘাতী ব্যাধিকে পরাজিত করেছেন।