রাঙামাটির কাপ্তাইয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন যুবক মো. শিপন মিয়ার (২২) মৃত্যু হয়েছে। সে কাপ্তাইয়ের নতুন বাজারের ঢাকাইয়া কলোনির আলী আজগরের ছেলে।
নেভী রোডের কাপ্তাই-রাঙামাটি সড়কে ফরেস্ট ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের (এফডিটিসি) পরিচালকের বাংলোর বারান্দায় বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে ছিলেন শিপন। ভোররাত তিনটার হাতিটি ঘুমন্ত শিপনকে পায়ে পিষ্ট করে।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, রাত তিনটার দিকে একদল বন্য হাতি এসে মানসিক ভারসাম্যহীন শিপনকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে চলে যায়। ইদানীং কাপ্তাইয়ের নেভি রোড, রাইখালী ও ব্যাঙ ছড়িসহ বিভিন্ন এলাকায় প্রতিরাতেই হানা দেয় বন্য হাতির দল। হাতির আক্রমণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে হাতির পায়ের চিহ্ন রয়েছে। মরদেহটির আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হাতির পায়ে পৃষ্ঠ হয়েই তার বুকে ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছে।