ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

পুকুরে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার বেলটিয়া গ্রামে করুণ এ ঘটনাটি ঘটে। মৃতরা হলো ওই গ্রামের অহিদুর রহমানের মেয়ে তাবাসসুম (১৩) ও আবদুল হান্নানের ছেলে রাহাত (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্বজনরা জানান, জুমার নামাজের সময় তাবাসসুম তার চাচাতো ভাই রাহাতকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় রাহাত পানিতে পড়ে যায়। তাবাসসুম তাকে উদ্ধার করতে গেলে সে তার গলা জড়িয়ে ধরে। ভর সামলাতে না পারায় দুজনই তলিয়ে যায়। রাহাতকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তাদের স্যান্ডেল দেখতে পান তারা। পরে নিথর দেহ উদ্ধার করে উপজেলা শহরের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।