খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের সভাপতি সাজ্জাদুর রহমান লিংকনের গাড়িতে হাতবোমা হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার বিএম অ্যান্ড টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। বোমায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান তিনি। এর পরপরই খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দলীয় নেতাকর্মীরা।
সাজ্জাদুর রহমান লিংকন জানান, শুক্রবার সন্ধ্যায় একটি সভা থেকে ফেরার পথে আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকায় পৌঁছালে তাকে বহনকারী (ঢাকা মেট্রো-গ ৪৩-০০৯৭) গাড়িটি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গাড়ির সামনের অংশে আঘাত করে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনা জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।