এখন থেকে দরজা কিংবা ট্রাংকের মতো উইন্ডোজ ব্যবহারকারীরা তাদের কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফোন ‘তালা’ দিয়ে রাখতে পারবেন! মুক্তি পাবেন পাসওয়ার্ড মনে রাখার ‘যন্ত্রণা’ থেকে।
হার্ডওয়্যার সুরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউবিকো এমন একটি সফটওয়্যার বাজারে ছেড়েছে, যেটি আপনাকে এর একটি ইউএসবি ডিভাইস দিয়ে উইন্ডোজে প্রবেশ করতে দেবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, পাসওয়ার্ডের চেয়ে এই ‘চাবি’ বেশি নিরাপত্তা নিশ্চিত করবে।
উইন্ডোজে প্রবেশের জন্য এই লগইন টুল নিয়ে ইউবিকো দেড় বছর ধরে কাজ করছে। এতদিন সেটি পরীক্ষামূলক অবস্থায় ছিল। সুইডিশ কোম্পানিটি বৃহস্পতিবার থেকে সবাইকে ব্যবহারের সুযোগ দিচ্ছে।
সম্প্রতি গুগলও এমন একটি হার্ডওয়্যার সিকিউরিটি ডিভাইস বাজারে এনেছে। তারা নাম দিয়েছে গুগল টাইটান। এটি সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের জন্য কাজ করবে। ইউবিকোর ডিভাইসটির নাম ইউবিকি।
এসব সিকিউরিটি ‘কি’ ব্যবহারের জন্য আপনাকে ইউএসবি পোর্টে ছোট একটি হার্ডওয়্যার প্লাগ করতে হবে। সঙ্গে দরকার করবে সেকন্ড অথেনটিকেশন বা দ্বিতীয় প্রমাণীকরণ ফ্যাক্টর যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি অথবা পিন কোড। কিছু হার্ডওয়্যার সিকিউরিটি ডিভাইস আবার ওয়্যারলেস প্রমাণীকরণ পদ্ধতি অনুসরণ করে।
মাইক্রোসফট, গুগল সব জায়গায় এই হার্ডওয়্যার ব্যবহারের সুযোগ দিলে অবসান হতে পারে পাসওয়ার্ড যুগের। তখন আর কিছু মনে রাখার দরকার পড়বে না।
কয়েক মাস ধরে মাইক্রোসফটের এই সুবিধা পাওয়া যাচ্ছে আউটলুক, স্কাইপ, এক্সবক্স লাইভ, অফিস এবং কয়েকটি অনলাইন সার্ভিসে। কিন্তু উইন্ডোজে এতদিন সম্ভব ছিল না।
MacOS সফটওয়্যারেও ইউবিকো আপনাকে সাইন-ওনের সুযোগ দিচ্ছে।
ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতের এই হার্ডওয়্যার সিকিউরিটি কি’র সবচেয়ে সস্তাটির দাম ২৫ ডলার। ক্ষতি থেকে দূরে থাকতে একাধিক ‘কি’র দরকার হতে পারে।
সিনেট বলছে, যারা বাইরে বেশি ঘোরাফেরা করেন তাদের জন্য এই পদ্ধতি বেশ উপকারে আসবে। ল্যাপটপ কিংবা ফোন কোথাও ফেলে গেলেও ব্যক্তিগত ‘স্পর্শকাতর’ তথ্য হারানোর ভয় থাকবে না।
করপোরেট প্রতিষ্ঠানে এটি ব্যবহার করতে হলে একটি বিষয় মাথায় রাখতে হবে। আপনার পিসি মাইক্রোসফটের বহুল ব্যবহৃত Active Directory সফটওয়্যারে নিয়ন্ত্রিত হলে ইউবিকোর সফটওয়্যার কাজ করবে না।