আফগানিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণে নিহত ৬২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের হাস্কা মিনা জেলার একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গতকাল শুক্রবারের এই বিস্ফোরণে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক কর্মকর্তারা।

নাঙ্গারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের ধ্বংসস্ত‚প থেকে মরদেহ এখনো বের করছেন উদ্ধারকর্মী ও স্থানীয়রা। অবশ্য প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জানান, বিস্ফোরণে মসজিদের ছাদ ধসে পড়েছে। এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। কোনো পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার 

 

 

করা হয়নি।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র মুবারেজ আত্তাল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নাঙ্গারহার প্রদেশের হাস্কা মিনা জেলার একটি মসজিদে এই বিস্ফোরণ হয়। এতে অন্তত ১৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

হাস্কা মিনার একটি হাসপাতালের চিকিৎসক এএফপিকে জানান, প্রায় ৩২টি মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫০ জনের মতো আহতকে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪ জনে। একই সময় আহত হয়েছেন প্রায় ৩ হাজার ১৩৯ জন। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪২ শতাংশ বেশি। হতাহতদের মধ্যে ৪১ শতাংশ নারী ও শিশু।