তাপমাত্রা আর তেমন বাড়বে না কাল-পরশু হতে পারে বৃষ্টি

শেষবারের মতো বৃষ্টি ঝরিয়ে দেশের ওপর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা পুরোপুরি বিদায় নিয়েছে গত ১৪ অক্টোবর। এর পর থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত কোথাও তেমন একটা বৃষ্টির খবর পাওয়া যায়নি। বৃষ্টি না হওয়ায় এবং আবহাওয়া শুষ্ক থাকায় তাপমাত্রা কিছুটা অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে দিনের বেলায়। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা আর তেমন বাড়বে না। ধীরে ধীরে কমবে। আগামীকাল বা পরশু হতে পারে বৃষ্টিও। আজকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘তাপমাত্রা এখন আর তেমন বাড়বে না। আস্তে আস্তে কমবে। আর বর্ষা বিদায় নিলেও এখন চলছে পোস্ট মুনসুন (বর্ষা-পরবর্তী মৌসুম)। দুদিন পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

গত কয়েক দিন বৃষ্টিশূন্য থাকলেও সূর্যের তেজ বাড়েনি। তবে সূর্যের তেজ কম হলেও দিনের বেলা ভ্যাপসা গরম অনুভ‚ত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এই সময়ে বায়ু শুষ্ক হওয়ায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অল্প তাপমাত্রাতেই অস্বস্তি লাগে। কাল-পরশু থেকে এই অবস্থার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা অনেকটা সহনীয় হতে পারে।