বরগুনার পাথরঘাটায় ছাত্রলীগে অনুপ্রবেশের অভিযোগে অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক এনামুল হোসাইন ও বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক বাকী বিল্লাহ জয়-সমর্থিত পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ।
সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পুলিশ আটক করেছে তিনজনকে।
শনিবার সকাল নয়টার দিকে পাথরঘাটা পৌর শহরের রাসেল স্কয়ারে এনামুল-সমর্থকদের মানববন্ধন কর্মসূচিতে জয়-সমর্থকরা বাধা দেয়। এ সময় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসা এনামুল-সমর্থকদের গাড়িতে হামলা করে ও মাইক খুলে নিয়ে যাওয়া হয়। জয়-সমর্থকদের বাধার পর এনামুল-সমর্থকদের মানবন্ধন ভণ্ডুল হয়ে গেলে পরে তারা পাথরঘাটা ডিগ্রি কলেজে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করলে ফের রাসেল স্কয়ারে জয়-সমর্থকের বাধার সম্মুখীন হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এনামুল-সমর্থকরা শহরের রাসেল স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় তারা এনামুল হোসাইনকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে পুনর্বহালের দাবি জানান। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সদ্য অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক এনামুল হোসাইন বলেন, আমার সমর্থনে ছাত্রলীগকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ জয় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি মোবাইল ফোনে বলেন, আমার সমর্থনে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে মিছিল করছিল। এ সময় তাদের ওপর পুলিশ ও এনামুল-সমর্থকরা হামলা করেছে।
পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় পুলিশ তিনজনকে আটক করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে আছে।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘অনুপ্রবেশকারী ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায়’ পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইনকে অব্যাহতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ জয়কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।