সিআইএস-বিসিসিআই সেমিনারের বাণিজ্যমন্ত্রী

এফটিএ করতে না পারা বড় দুর্ভাগ্য

দেশকে এগিয়ে নিতে সমন্বয়ের মাধ্যমে রাজস্ব বাড়াতে হবে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগেকার রাজা-বাদশাদের মতো লাঠিয়াল বাহিনী পাঠিয়ে জোর করে রাজস্ব আদায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জোর করে রাজস্ব আদায় না বাড়িয়ে দেশ এগিয়ে নিতে সবার সঙ্গে সমন্বয় করতে হবে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ফস্টারিং গ্লোবাল ফ্রি ট্রেড রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘রাজস্ব বাড়ানোর জন্য এনবিআর কাজ করে, ভালো কথা, এটা দরকার। তবে এ প্রক্রিয়াতে ট্যারিফ কমিশন, শিল্প মন্ত্রণালয়সহ অন্যদের আরও বেশি মতামত  নেওয়া প্রয়োজন। শুধু টাকা আদায় করাটাকে চিন্তায় নিলে হবে না। আরও গভীরে ঢুকে দেখতে হবে।’ তিনি বলেন, ‘টাকা লাগবে বটে, তবে দেশটাকেও তো এগিয়ে নিতে হবে। বহুকাল আগে রাজা-বাদশারা যেমন লাঠিয়াল বাহিনী পাঠিয়ে কৃষকদের কাছ থেকে টাকা-পয়সা তুলে আনত, সে রকম না করে কীভাবে অর্থনীতিকে বাড়ানো যাবে সে বিষয়টাও চিন্তা করতে হবে। রাজস্বও লাগবে তবে এটাকে ব্যালেন্স করে আদায় করতে হবে। সেখানে কাজ করতে হবে বলে আমার মনে হয়।’

টিপু মুনশি বলেন, ‘আগমী ২০২৪ সালে আমরা এলডিসি  থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাব। তখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসছে। এলডিসি দেশ হিসেবে এখন আমরা যে সুবিধা পাচ্ছি সেটি আগামী ২০২৭ সাল পর্যন্ত পাব। তবে একটা দেশের জন্য এটা বেশি সময় নয়। তাই আমাদের এখনই তৈরি হতে হবে। তবে দুর্ভাগ্য আমাদের যে, আমরা এখনো একটাও এফটিএ করতে পারিনি। মধ্যখানে শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ করার প্রক্রিয়া অনেকদূর এগিয়েছিল কিন্তু কী অজানা কারণে তারা সেটা আটকে দিয়েছে।’

‘তবে আমরা বর্তমানে আরও কয়েকটি দেশের সঙ্গে এফটিএ করার চেষ্টা করছি। এফটিএ করা দরকার। কিন্তু সেখানেও আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা বিবেচনায় আনতে হবে।  দেখা যাবে যে, আমাদের কোথাও ক্ষতি হয়ে যাচ্ছে। আবার  কোথাও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কিছু বিবেচনায় নিয়ে আমরা এফটিএ করার বিষয়ে এগুবো।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্রাজিল, আর্জেন্টিনাসহ ওই অঞ্চলের চারটি দেশের সঙ্গে এফটিএর আলাপ করে  দেশে এসে যখন আলোচনা করলাম তখন মাংস ব্যবসায়ীরা বললেন ওইসব দেশ থেকে মাংস আমদানি করা যাবে না। এখন কী করব? এটা একটা হিসাব করা দরকার যে, আমরা পোশাক রপ্তানি করে কী পরিমাণ লাভবান হব, আর মাংস আমদানি করেই বা কী পরিমাণ ক্ষতি হবে। এ হিসাবটা দেশের থিঙ্ক ট্যাঙ্কদের করার আহ্বান জানান বাণিজমন্ত্রী।

সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভিয়েতনাম ইতোমধ্যে ২৬টি দেশের সঙ্গে এফটিএ করেছে অথচ আমরা একটি দেশের সঙ্গেও এফটিএ করতে পারিনি।

সিআইএস-বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডনের সভাপতিত্বে সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা মঞ্জুর আহমেদ। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মো. নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন প্রমুখ।