ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেইসবুক আইডি নেই

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কোনো ফেইসবুক আইডি নেই বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগ করে বলা হয়েছে, তাদের নামে ভুয়া আইডি ব্যবহার করে নানা রকম অপপ্রচার ও প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে জানানো হয়েছে, কে বা কারা তাদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেইসবুক পেইজ ও আইডি খুলেছে। যার সবই ভুয়া। এসব ভুয়া আইডি থেকে প্রায়ই নানা ধরনের বক্তব্য ও বিবৃতি প্রচার করা হয়, যার অধিকাংশের সঙ্গেই তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে করে নানান মহলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

তারা জানান, তাদের আশঙ্কা ওই সব ভুয়া আইডি থেকে ভবিষ্যতে আরও অন্তর্ঘাত ও বিভ্রান্তি ছড়ানো হতে পারে। তাই সংগঠনের নেতাকর্মী, সমর্থক, বন্ধু, সুহৃদ ও শুভাকাক্সক্ষীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি ওইসব ভুয়া আইডি থেকে ছড়ানো বিষয়গুলো সম্পর্কে সতর্ক ও যতœবান থাকতে হবে এবং এড়িয়ে যেতে হবে। আর যারা ফেইসবুকে আছেন, প্রয়োজনে তারা রিপোর্ট করে ওই সব ভুয়া আইডি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেবেন। ইতিমধ্যে ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।