সরফরাজ আহমেদকে টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার পর তাকে নিয়ে একটি ভিডিও শেয়ার করে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভিডিওটি সরিয়ে নেওয়ার পাশাপাশি ক্ষমাপ্রার্থনা করেও নিস্তার পাচ্ছে না বোর্ড!
গত শুক্রবার টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি এই দুই ফরম্যাটের দল থেকেও বাদ দেওয়া হয় সরফরাজকে। তার জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজম ও টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে আজহার আলিকে।
নতুন অধিনায়ক নিয়োগ করার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি টুইটের জবাবে একটি ভিডিও টুইট করে। যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান খেলোয়াড়রা অনুশীলনের সময় নাচ করছে। পরে এই ভিডিও তুলে নেওয়া হলেও এক সাংবাদিক সেই ভিডিও আবার তার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন।
এরপর ঘটনাটির জন্য ক্ষমা চায় পিসিবি- “পিসিবি এই পোস্টের জন্য ক্ষমা চাইছে এবং মেনে নিচ্ছে এই পোস্টের সময়টা ঠিক ছিল না। এই পোস্ট আগে থেকেই ঠিক করা ছিল টি-টোয়েন্ট বিশ্বকাপের এক বছর বাকিকে প্রোমোট করার জন্য। কিন্তু এই পোস্টের সময় দল নির্বাচনের সঙ্গে এক হয়ে গিয়েছিল। পিসিবি এটার জন্য দুঃখিত।”
কিন্তু সমর্থকরা পিসিবির ক্ষমা প্রার্থনায় খুশি নয়। তাদের মতে, এই ক্ষমাপ্রার্থনা দুর্ভাগ্যজনক ও অসম্মানের। এ ব্যাপারে ক্ষুদ্ধ এক সমর্থক টুইটারে লিখেছেন, ‘‘ও সত্যিই? ক্ষমা প্রার্থনা? ভুল সময়? অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট কি দুই বছরের বাচ্চা চালায়? আমি এটা জানতে মুখিয়ে রয়েছি!”
সেই সাংবাদিক টুইটে সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, “সরফরাজকে নির্বাসিত করার পর পিসিবির আসল টুইট। ক্লাসি।”