ডাবল হাঁকিয়ে টেন্ডুলকার-গেইলদের পাশে রোহিত

বড় ইনিংস আর রোহিত শর্মা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুটি সেঞ্চুরি করা টিম ইন্ডিয়ার ওপেনার এবার হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি।

এর মধ্য দিয়ে ওয়ানডের পাশাপাশি টেস্টেও দ্বিশতক হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় নাম তুললেন রোহিত। এ কৃতিত্ব দেখানো আগের তারকারা হলেন- ভারতের শচীন টেন্ডুলকার, বীরন্দের শেবাগ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

রাঁচি টেস্টের দ্বিতীয় দিন রবিবার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন আগের দিন ১১৭ রানে অপরাজিত থাকা রোহিত। টেস্টে এটাই তার প্রথম দ্বিশতক। কাগিসো রাবাদার বলে লুঙ্গি এনগিদিকে ক্যাচ দিয়ে উইকেট ছাড়ার সময় তারকা এই ব্যাটনম্যানের পাশে ঝলমল করছিল ২১২ রান। ২৫৫ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে ২৮টি চার ও ছয়টি ছক্কার মার।

ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকালেও টেস্টে এমন ইনিংস খেলতে পারছিলেন না রোহিত। এবার সে আক্ষেপটাও ঘোচালেন ডানহাতি এই ব্যাটসম্যান। চলতি সিরিজে এই নিয়ে তিনটি একশোর বেশি রানের ইনিংস খেললেন রোহিত। বিশাখাপত্তমে প্রথম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান তিনি।