শরীরে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে সালমা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত শনিবার সকালে উপজেলার জঙ্গল সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সালমা ছিন্নমূল ৪ নম্বর সমাজের বাসিন্দা ওমর ফারুক রানার স্ত্রী। তাদের মিরাজ (১০) ও শফিকুল (৭) নামে দুটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন ছেলে মিরাজকে স্কুলে নিয়ে যান সালমা। কিন্তু শনিবার ফারুক গ্যারেজ থেকে এসে দেখেন ছেলেকে নিয়ে স্কুলে যাননি সালমা। এ নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। পরে ফারুক কাজে চলে গেলে ১০টার সময় কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন সালমা। এতে তার শরীরের ৭০-৮০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।