প্রধানমন্ত্রীর নামে চট্টগ্রামে সড়ক নামকরণের ঘোষণা মেয়র নাছিরের

চট্টগ্রাম নগরের বিমানবন্দর থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রবিবার সকালে চসিকের নির্বাচিত পরিষদের ৫১তম সাধারণ সভায় মেয়র আ জ ম নাছিরের এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

মেয়র বলেন, ‘নগরীর এই রাস্তাকে নান্দনিক সাজে সাজানো হচ্ছে। ৪১ কোটি টাকা ব্যয়ে রোডের উন্নয়নকাজ চলমান রয়েছে। দৃষ্টিনন্দন ফুটপাত, রাস্তার পাশে সৌন্দর্যকরণ ও চার লেনের সড়ক নির্মাণকাজ এগিয়ে চলছে। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নৌকার ওপর জাতির জনক ও প্রধানমন্ত্রীর ম্যুরাল স্থাপন করা হবে। দৃষ্টিনন্দন এ স্থাপনাটি বিমানবন্দর দিয়ে আসা দেশি-বিদেশি অতিথিদের স্বাগত জানাবে।’

তিনি আরও বলেন, ‘চসিকের উদ্যোগে ২০১৭ সাল থেকে শুরু হয় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশ। এ লক্ষ্যে নগরের ৪১টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটি নিজ এলাকার সন্ত্রাসী, মাদকসেবী ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তদের তালিকা প্রস্তুত করেছে। ইতিমধ্যে অধিকাংশ ওয়ার্ডে ওই তালিকা কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। এই তালিকা বিভিন্ন এজেন্সিতে প্রদান করা হবে। তারা যাচাই-বাছাই করে এই তালিকা চ‚ড়ান্ত করবে। যেসব ওয়ার্ড কাউন্সিলর ওই তালিকা জমা দেননি, তাদের ৫ কার্যদিবসের মধ্যে তালিকা জমা দিতে হবে।’

নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত ওই সভায় চসিকের প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।